শুল্ক ফাঁকি দিয়ে আনা ৭৫ লাখ টাকার স্বর্ণালংকারসহ কক্সবাজারে দুজন আটক
- আপডেট: ০৭:৪৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুই চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৭৪২ টাকা, সৌদি ১০ রিয়াল ও তিনটি সৌদি আরবের এটিএম কার্ড জব্দ করা হয়।
রবিবার (২৩ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণের একটি চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করাবে। এর ভিত্তিতে শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বিসিজি স্টেশন কক্সবাজারের একটি দল কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন নতুন ফিশারি ঘাট এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে আরোহীরা মোটরসাইকেলের গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেন।
আটক ব্যক্তিদের সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের দাবি, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, বাজারে বিক্রির উদ্দেশ্যে স্বর্ণের চালানটি দুবাই থেকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল। তারা এর আগেও একাধিকবার স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
কোস্ট গার্ড জানায়, এ চোরাচালানের সঙ্গে জড়িত অন্যান্য অসাধু ব্যবসায়ী ও সহযোগীদের শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
জব্দ করা আলামত ও আটক দুই ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে কোস্ট গার্ড।



















