কমলাপুরে লাইনচ্যুত ট্রেন,আনসারের তৎপরতায় রক্ষা পেল রাষ্ট্রীয় সম্পদ
- আপডেট: ০৯:৫৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর কমলাপুরে লাইনচ্যুত ‘নারায়ণগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের মালামাল লুটের চেষ্টা রুখে দিয়েছে আনসার সদস্যরা। তাদের তৎপরতায় রেলওয়ের সরকারি মালামাল লুটের হাত থেকে রক্ষা পেয়েছে।
সোমবার (২৪ আগস্ট) ভোররাতে আনুমানিক রাত ১২টা ১০ মিনিটের দিকে কমলাপুর নিরাপত্তা চৌকির অদূরে ‘নারায়ণগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। একপর্যায়ে একদল দুষ্কৃতকারী ট্রেনের মালামাল লুটের চেষ্টা চালায় বলে জানা যায়।
এ সময় ঢাকা মহানগর আনসার পূর্ব জোনের আনসার টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। মতিঝিল থানার কমলাপুর রেলওয়ে নিরাপত্তা চৌকির পিসি মো. আব্দুল হান্নানের নেতৃত্বে আনসার সদস্যরা লুটপাট প্রতিহত করেন এবং ট্রেনের মালামাল ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর সংকটময় পরিস্থিতিতে আনসার সদস্যদের দায়িত্বশীলতা ও দ্রুত পদক্ষেপের কারণে সম্ভাব্য লুটপাট ঠেকানো সম্ভব হয়েছে।
রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার সদস্যদের এই ভূমিকা প্রশংসিত হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা ও জননিরাপত্তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দায়িত্বশীলতা ও তৎপরতার এটি একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



















