সুন্দরবনের দুবলার চরের কাছে গভীর সমুদ্রে ১২ জেলেকে জীবিত উদ্ধার
- আপডেট: ০৪:২৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ১৮০১৬
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৩ আগস্ট রাত ৮টার দিকে ‘এফভি মায়ের দোয়া’ নামের একটি ফিশিং বোট ১২ জন জেলেসহ মাছ আহরণকালে সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে।
পরদিন ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর বোটের এক জেলে মোবাইল ফোনে মালিককে বিষয়টি জানান। পরে বোটের মালিক কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন দুবলা তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে গভীর সমুদ্র থেকে বিকল ফিশিং বোটসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি তাদের প্রয়োজনীয় খাবারও সরবরাহ করা হয়েছে। বর্তমানে উদ্ধার করা ফিশিং বোটসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।




















