টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে জি-৩ রাইফেলসহ অস্ত্র, ৫ হাজার ইয়াবা উদ্ধার
- আপডেট: ০২:১৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার এবং ৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানার দমদমিয়া ১৪ নম্বর ব্রিজসংলগ্ন পাহাড়ে একটি ডাকাত দল অপহরণ ও ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে বুধবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও পুলিশের সমন্বয়ে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পাহাড়ে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি জি-৩ রাইফেল (ম্যাগাজিনসহ), দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, ১৩ রাউন্ড তাজা গোলাবারুদ ও এক লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
অন্যদিকে, মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে টেকনাফের সাবরাং এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও সাবরাংয়ের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় সন্দেহজনক একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র-গোলাবারুদ ও জব্দ করা মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















