রাজউক মসজিদে চুরির সময় আনসারের হাতে চোর আটক
- আপডেট: ১০:২২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মসজিদ এলাকায় নামাজরত মুসল্লিদের মোবাইল ফোন,মানিব্যাগসহ মূল্যবান সামগ্রী চুরির চেষ্টাকালে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে আনসার সদস্যরা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে রাজউক আনসার গার্ডের টহল টিমের সদস্য পিসি মো. কামরুল হাসান ও এপিসি মো. রেজাউল ইসলাম মসজিদ এলাকায় টহল দেওয়ার সময় ওই ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। পরে তিনি মুসল্লিদের মালামাল চুরির চেষ্টা করলে তাকে হাতেনাতে আটক করা হয়।
এদিন রাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।
আটক ব্যক্তির নাম মো. জসীম উদ্দিন (৪৯)। তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার নারায়ণপুর এলাকার বাসিন্দা। তার কাছ থেকে চুরিকৃত মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আনসার কর্তৃপক্ষ।
ঘটনার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশকে জানানো হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক জসীম উদ্দিনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অপরাধ প্রতিরোধে আনসার সদস্যদের এমন তৎপরতা জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দায়িত্বশীলতা ও তাৎক্ষণিক পদক্ষেপের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন।



















