শাহজালাল বিমানবন্দরে ৫ কেজির বেশি কুশসহ দুই ভারতীয় নাগরিক গ্রেফতার
- আপডেট: ১২:২৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ কেজি ১২০ গ্রাম কুশসহ দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বিমানবন্দরের নিচতলার আগমনী হলের গ্রিন চ্যানেল থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন– ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা আবদুল রহমান (৪৬) ও মোহাম্মেদ ইকবাল আনসারি (৪৫)। তাঁদের কাছ থেকে দুটি ভারতীয় পাসপোর্ট, ৫০০ মার্কিন ডলার, ১০ হাজার ভারতীয় রুপি, তিনটি স্মার্টফোন ও দুটি বোর্ডিং কার্ড জব্দ করা হয়েছে।
ডিএনসি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর একটার দিকে ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) ও বিমানবন্দর কার্যালয়ের একটি বিশেষ দল শাহজালাল বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা দুই ভারতীয় নাগরিককে সন্দেহ হলে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষী ও বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সদস্যদের সামনে তাঁদের ট্রাভেল ট্রলি তল্লাশি করা হয়। এ সময় কাপড়ের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ৫ কেজি ১২০ গ্রাম কুশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে ডিএনসি।
ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) বিমানবন্দর কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
ডিএনসি জানিয়েছে, গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে মামলাটি করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলেছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত রয়েছে।



















