মোহাম্মদপুরে ত্রিভুজ প্রেমের জেরে প্রবাসী যুবককে কুপিয়ে আহত,গ্রেফতার ২
- আপডেট: ০৫:২৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরে ত্রিভুজ প্রেমের জেরে লস্কর হৃদয় নামের এক প্রবাসী যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ বলছে, এক নারীকে ঘিরে দুই পুরুষের সম্পর্কের জের ধরে এ হামলার ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন–শান্ত ও বিল্লাল ওরফে কালা বিল্লাল।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে মোহাম্মদপুর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, মোহাম্মদপুরের লিমিটেড এলাকায় হৃদয়কে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলায় মোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের হোতা মুন্না ওরফে ক্যাপ্টেন মুন্না, রাসেল ওরফে আন্ডা রাসেল, বিল্লাল ওরফে কালা বিল্লাল ও গাঢ়কাটা সাইফুলের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এডিসি জুয়েল রানা বলেন, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে বিল্লাল ওরফে কালা বিল্লালকে বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনার নেপথ্যে মূলত ত্রিভুজ প্রেমের সম্পর্ক রয়েছে। পুলিশ গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, লস্কর হৃদয় কয়েক বছর আগে মোছা. হাফসা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর হাফসার সঙ্গে ক্যাপ্টেন মুন্না নামের এক ব্যক্তির প্রেমের সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে হাফসা মুন্নার সঙ্গে পালিয়ে গিয়ে তাকে বিয়ে করেন।
পুলিশ জানায়, এর প্রায় তিন বছর পর হৃদয় সৌদি আরবে চলে যান। তবে হাফসার সঙ্গে তাঁর যোগাযোগ অব্যাহত ছিল। হৃদয় সৌদি আরবে যাওয়ার পর ক্যাপ্টেন মুন্না তাঁকে ফোন করে হাফসার সঙ্গে যোগাযোগ না রাখতে হুমকি দেন। এরপরও হাফসা ও হৃদয়ের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল।
এডিসি জুয়েল রানা বলেন, সম্প্রতি ছুটিতে দেশে ফেরেন হৃদয়। তিনি দেশে ফেরার খবর জানতে পেরে ক্যাপ্টেন মুন্না তাকে ডেকে নেন। এরপর তাকে কুপিয়ে আহত করা হয়।
পুলিশ জানায়, হামলার মাত্র তিন দিন আগে ছুটিতে দেশে ফিরেছিলেন হৃদয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।



















