আদাবরে চাপাতিসহ ছয় ছিনতাইকারী গ্রেফতার
- আপডেট: ১২:৫৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০১১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর আদাবরে পৃথক অভিযান চালিয়ে চাপাতিসহ ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে সাতটি মামলা এবং অন্য একজনের বিরুদ্ধে ১০টি মামলা ও দুটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আদাবর থানা পুলিশ জানায়, শেখেরটেক ৭ নম্বর রোডের মাথায় ব্রিজসংলগ্ন প্রেম গলিতে শামসুল মিয়ার রিকশার গ্যারেজে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মিরাজুল ইসলাম (২৫), মো. নিহাদ (২০), মো. শেখ বাচ্চু (৩৫), মো. ফরিদুল ইসলাম (১৯) ও মো. তামিম (১৯)। পুলিশের তথ্য অনুযায়ী, মিরাজুল ইসলামের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।
পুলিশ বলছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা আদাবরের শেখেরটেক, বাইতুল আমান হাউজিং ও বেড়িবাঁধ এলাকায় চাপাতির ভয় দেখিয়ে সাধারণ মানুষের টাকা ও মোবাইল ফোন ছিনতাই করতেন। এ ছাড়া বিভিন্ন বাসাবাড়ির এসির পাইপ ও বৈদ্যুতিক তার চুরি এবং রিকশার গ্যারেজ থেকে রিকশা চুরি করে মুক্তিপণ আদায়ের সঙ্গেও তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
অন্যদিকে, সুনিবিড় হাউজিংয়ের আকন্দ গার্মেন্টস গলির পেছনে পৃথক অভিযান চালিয়ে হৃদয় ওরফে ‘টিকটক হৃদয়’ (২৫) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ১০টি মামলার এজাহারে নাম রয়েছে এবং দুটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তার কাছ থেকেও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
আদাবর থানার ওসি মো. জাহিদুল ইসলাম ও এসআই তরুণের নেতৃত্বে অভিযান দুটি পরিচালিত হয়।



















