হৃদরোগ হাসপাতালে আনসারের তৎপরতায় ছিনতাইকারী আটক
- আপডেট: ১১:১৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর শের-ই-বাংলা নগরস্থ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় হাতেনাতে আরিয়ান ইসলাম (২৫) নামের এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
হাসপাতালের ক্যাম্প ইনচার্জ (পিসি) মো: আমিনুল হক বলেন, বুধবার ভোর ৬টা ১০ মিনিটের দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত ক্যাথল্যাবের বারান্দায় চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজনদের লক্ষ্য করে টান মারে ছিনতাইকারী। সে সময় ভুক্তভোগীদের সাথে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও একটি ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে ওই যুবক। রোগীর স্বজনদের চিৎকারে কর্তব্যরত আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে ধাওয়া করে জরুরি বিভাগের সামনে থেকে ভ্যানিটি ব্যাগসহ তাকে আটক করতে সক্ষম হন।
তিনি বলেন, পরবর্তীতে আনসার সদস্যরা আটককৃতকে ক্যাম্প হেফাজতে নিয়ে যান এবং বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন। কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরবর্তীতে শের-ই-বাংলা নগর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
আটককৃত আরিয়ান ইসলামের বাড়ি পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়। বর্তমানে সে রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় বসবাস করছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



















