মাতাল অবস্থায় স্ত্রীকে গুলি, পিস্তল-ইয়াবাসহ বাবা-ছেলে ও বন্ধু গ্রেফতার
- আপডেট: ০৪:৫৭:০২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর দারুসসালামে নিজ বাসায় স্ত্রীকে গুলি করে আহত করার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত আসামিরা হলেন–আহত নারীর স্বামী মো. আব্দুল মান্নান ওরফে আব্দুল হান্নান (৪৫), তার ছেলে মো. রাকিব (২৫) ও ছেলের বন্ধু মো. হাতিম মিয়া (২১)।
শনিবার রাতভর দারুসসালাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গুলিতে ব্যবহৃত বিদেশি পিস্তল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকালে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গতকাল শনিবার সন্ধ্যায় দারুসসালাম থানার মসজিদ গলি এলাকায় নিজ বাসায় ওই নারী গুলিবিদ্ধ হন। পরে তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন।
ঘটনার পর র্যাব-৪ এর একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে দারুসসালাম থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। এতে তিনজনকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকালে আব্দুল মান্নানের কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল মান্নান জানিয়েছেন, তিনি ওই নারীর স্বামী। তিনি মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। ঘটনার দিন সন্ধ্যায় মাদক সেবন করে বাসায় ফিরে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি করেন। এতে ওই নারী গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন রয়েছেন।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আব্দুল মান্নান জানায় যে অস্ত্র দিয়ে গুলি করেছিল সেটি লুকিয়ে রাখতে তার ছেলের কাছে অস্ত্রটি দিয়েছে। পরে ছেলেকে গ্রেফতারের পর সে জানায় এক বন্ধুর বাসায় সেটি লুকিয়ে রেখেছে। পরে হাতেম নামের এক বন্ধুর বাসা থেকে একটি পিস্তল একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা।
র্যাবের দাবি, আব্দুল মান্নানের বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৪।



















