গাজীপুরে চুরির সময় দুইজনকে আটক করলেন হাসপাতালের আনসার সদস্যরা
- আপডেট: ০৮:৫৯:১২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে চুরির সময় দুই ব্যক্তিকে আটক করেছেন কর্তব্যরত আনসার সদস্যরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল এলাকায় সন্দেহজনক গতিবিধি দেখে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন– জামালপুরের শাহবাজপুরের মো. সাকিব (২৬) ও গাইবান্ধা সদর উপজেলার তালুক জামিয়ার মো. ফিরোজ মিয়া (১৫)।
আনসার বাহিনী থেকে জানানো হয়, আজ দুপুর সাড়ে ২টার দিকে হাসপাতাল এলাকায় দায়িত্ব পালন করছিলেন অঙ্গীভূত আনসার সদস্য মো. তানভীর হোসেন ও অঙ্গীভূত আনসার সদস্য (মহিলা) মোছাম্মৎ কোহিনুর বেগম। এ সময় তারা দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের আটক করেন।
পরে আটক দুজনকে কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। কলেজ কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দুপুর পৌনে ৩টার দিকে তাদের পুলিশের কাছে সোপর্দ করে।
কর্তব্যরত আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় হাসপাতাল এলাকায় চুরির ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



















