নোয়াখালীতে ঘুমন্ত ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা, ঢাকায় অভিযুক্ত গ্রেফতার
- আপডেট: ০৪:৫২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / ১৮০১৫
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালীর সুধারামে ঘুমন্ত অবস্থায় কামাল উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ফোরকান (২২) নামের এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শুক্রবার রাতে রাজধানীর লালবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) এসআরবি-১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এসআরবি জানায়, শুক্রবার রাত আটটার দিকে এসআরবি-১১, নোয়াখালী ও এসআরবি-১০, লালবাগের যৌথ দল লালবাগ থানার নবাবগঞ্জ পার্কের সামনে অভিযান চালিয়ে ফোরকানকে গ্রেফতার করে। তিনি নোয়াখালীর সুধারাম থানার পূর্ব দুর্গানগর এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কামাল উদ্দিনের সঙ্গে তাঁর সাবেক স্ত্রীর পারিবারিক বিরোধ ছিল। প্রায় চার-পাঁচ বছর আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর শ্বশুরবাড়িতে থাকার জায়গা না পেয়ে কামাল সুধারাম থানার পূর্ব দুর্গানগর এলাকার একটি নুরানি মাদ্রাসায় রাতে থাকতেন। দিনের বেলায় তিনি শ্রমিকের কাজ করতেন।
গত ১১ অক্টোবর রাতে মাদ্রাসার মসজিদের পাকা মাঠে পুকুরপাড়ে ইটের ওপর গামছা বিছিয়ে ঘুমিয়ে ছিলেন কামাল। রাত সাড়ে ১০টার দিকে এলাকার লোকজনের চলাচল কমে এলে এবং মাদ্রাসার শিক্ষক ঘুমিয়ে পড়লে কয়েকজন আসামি তাঁকে ঘুমন্ত অবস্থায় পেয়ে লাঠি দিয়ে মারধর করেন। একপর্যায়ে আকাশ উদ্দিন (২২) নামের এক আসামি ভাঁজ করা ছুরি দিয়ে কামালের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তাঁর মৃত্যু হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই আব্দুল হক বাদী হয়ে ১২ অক্টোবর সুধারাম থানায় হত্যা মামলা করেন। মামলায় ফোরকানকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।
এসআরবি জানায়, মামলাটি দায়েরের পর জড়িত আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। গ্রেফতার ফোরকানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার লালবাগ থানায় হস্তান্তর করা হবে।




















