জনগণকে দ্রুত ও আন্তরিক সেবা দিতে পুলিশ সদস্যদের নির্দেশ পুলিশ সুপারের
- আপডেট: ১০:১৮:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন আকস্মিকভাবে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন।
এ সময় তিনি ফাঁড়ির সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি জনগণকে দ্রুত, আন্তরিক ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।
রবিবার (২৮ জুন) নোয়াখালী পুলিশ মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার ফাঁড়িতে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বক্তব্য ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। পরে তিনি ফাঁড়ির রেজিস্টারপত্র, প্রশাসনিক কার্যক্রম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন।
পরিদর্শনের একপর্যায়ে চৌমুহনী এলাকার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন পুলিশ সুপার।
সভায় তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পুলিশ ও জনসাধারণের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে সমাজে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
পরিদর্শন শেষে পুলিশ সুপার চৌমুহনী পুলিশ ফাঁড়ির পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।



















