ছিনতাইয়ের প্রস্তুতিকালে ধারালো চাকুসহ হাতেনাতে গ্রেফতার ৭
- আপডেট: ০৭:২৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর তেজগাঁও এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ধারালো চাকুসহ হাতেনাতে ৭ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
বুধবার (০১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো- মো. বাবু (২৪), মো. সবুজ (২৯), মো. শামীম ওরফে সাগর (২৫), মো. রাজন মিয়া (৩০), মো. ইসলাম (২৩), মো. রাসেল মিয়া (২৯) ও মো.ইমন হোসেন (১৯)।
সিটিটিসির বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গতকাল মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে তেজগাঁও থানাধীন কাওরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
তিনি বলেন, মঙ্গলবার রাতে সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের একটি আভিযানিক দল তেজগাঁও থানাধীন কাওরান বাজার এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেই এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন ডাকাতকে গ্রেফতার করা হয়। এমসয় তাদের হেফাজত হতে ছিনতায়ের কাজে ব্যবহৃত তিনটি ধারালো চাকু ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
















