রাজধানীর কারওয়ান বাজারে ছিনতাইয়ের সময় গ্রেফতার ৪
- আপডেট: ১০:৫৩:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর তেজগাঁও থানাধীন কাওরান বাজার ও শেরেবাংলা নগর থানা এলাকায় পৃথক দুইটি অভিযানে ছিনতাইয়ের চেষ্টাকালে ৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- হৃদয় (২৩), রাশেদ (২৩), মো. শামীম ওরফে সাগর (২৫) ও মো. শাহ আলম (৩৫)।
ঐদিন রাতে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, আজ সন্ধ্যায় কারওয়ান বাজার এলাকায় বিশেষ অভিযান চলাকালে ছিনতাইয়ের চেষ্টা করলে হৃদয়, রাশেদ ও মো. শামীম সাগরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আর রাত পৌনে ৯টায় শিশু মেলার সামনে ওভার ব্রিজের উপরে ছিনতাইয়ের চেষ্টা করা করলে হাতেনাতে মো. শাহ আলমকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে মোট ৩টি ছুরি উদ্ধার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী ও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করতো মর্মে জানা যায়।
গ্রেফতারকৃত হৃদয় এর বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ডাকাতির মামলা সহ ৫টি মামলা রয়েছে, রাশেদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ডাকাতির মামলা সহ ৩টি মামলা রয়েছে, মো. শামীম ওরফে সাগরে বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ২টি মামলা রয়েছে এবং মো. শাহ আলমের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের তেজগাঁও এবং শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।



















