বন্যা ও পাহাড়ধসে দুর্গত মানুষের পাশে বাংলাদেশ আনসার-ভিডিপি
- আপডেট: ১১:০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের উদ্ধার, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর এবং ত্রাণ কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)।
শনিবার (১১ জুলাই) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো.আশিকউজ্জামান এ তথ্য জানান
তিনি বলেন, আনসার-ভিডিপি সদর দপ্তরের বিশেষ নির্দেশনায় কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁওসহ দুর্যোগপ্রবণ জেলাগুলোতে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে উদ্ধার, জনসচেতনতা এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
কক্সবাজারের উখিয়া, সদর, পেকুয়া, চকরিয়া ও মহেশখালী উপজেলায় সদস্যরা ঝুঁকিপূর্ণ মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া, মাইকিংয়ের মাধ্যমে সতর্কতা প্রচার, পানিবন্দী মানুষ ও গৃহপালিত পশু উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মানবিক সহায়তা বিতরণে কাজ করছেন। পাশাপাশি সড়কে পড়ে থাকা গাছ ও পাহাড়ধসের মাটি সরিয়ে যোগাযোগ স্বাভাবিক রাখার কাজও চলছে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও লামা উপজেলায় হিল ভিডিপি সদস্যরা পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত সড়ক থেকে মাটি ও উপড়ে পড়া গাছ অপসারণ করে যোগাযোগ পুনঃস্থাপনে কাজ করছেন। এতে জরুরি চিকিৎসাসেবা ও ত্রাণ কার্যক্রম পরিচালনা সহজ হচ্ছে বলে জানিয়েছে বাহিনী।
রাঙামাটি সদর উপজেলার নতুনপাড়া, রূপনগর, শিমুলতলী এলাকা এবং লোকনাথ মন্দির ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আশ্রয়কেন্দ্রে সদস্যরা ঝুঁকিপূর্ণ মানুষকে নিরাপদ স্থানে যেতে উদ্বুদ্ধ করার পাশাপাশি সতর্কবার্তা প্রচার করছেন।
এ ছাড়া হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় পানিবন্দী মানুষ, বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া, সুপেয় পানি সরবরাহ এবং মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।
খাগড়াছড়ি ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন দুর্গত এলাকাতেও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার, নিরাপত্তা নিশ্চিতকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দুর্যোগ পরিস্থিতিতে সদস্যরা জীবন ঝুঁকিতে রেখেও জনগণের সেবায় নিয়োজিত রয়েছেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।



















