ইপিজেডের বন্দরটিলায় রহস্যজনক বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা
- আপডেট: ০৬:৩৬:২২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ১৮০০৬
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন আলীশানগর বন্দরটিলা কাঁচাবাজার এলাকার ছয়তলা ‘মির্জা ম্যানসন’ ভবনের নিচতলায় গত ৭ জুলাই সংঘটিত রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঝালমুড়ি বিক্রেতা আনোয়ার হোসেন (৪৫)।
বিস্ফোরণের কয়েকদিন পেরিয়ে গেলেও এর প্রকৃত কারণ নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা।
ঘটনায় মো. খোকন মিয়াসহ আরও একজন আহত হন। আহত অপর ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বর্ষণের কারণে ভবনের নিচতলায় হাঁটুর ওপরে পর্যন্ত পানি জমে ছিল। ওই পানিতে তলিয়ে থাকা একটি কক্ষ থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের ভবন কেঁপে ওঠে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর ভবনের নিচতলা ও আশপাশের দোকানপাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। একটি ফার্মেসির লোহার শাটার ছিটকে বিপরীত পাশে গিয়ে পড়ে এবং পাশের আরেকটি ফার্মেসির শাটার মাঝখান থেকে ফেটে যায়।
ঘটনার কিছুক্ষণ পর নিচতলায় বসবাসকারী ঝালমুড়ি বিক্রেতা আনোয়ার হোসেন দগ্ধ অবস্থায় বাইরে বেরিয়ে আসেন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গত ১১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের ভাই দেলোয়ার হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানানো হয়েছে। তিনি অভিযোগ করেন, ঘটনার পর থেকে পরিবার নানা বিভ্রান্তির মুখোমুখি হচ্ছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর ভিডিও ধারণ ও তথ্য সংগ্রহে কিছু ব্যক্তি বাধা দেওয়ার চেষ্টা করেন। তবে অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে ভবনের ইনচার্জ হিসেবে পরিচিত পলাশ জানান, বিস্ফোরণের কারণ সম্পর্কে তিনি কিছু জানেন না।
এ বিষয়ে ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত কারণ নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।
স্থানীয় বাসিন্দারা নিরপেক্ষ ও কারিগরি তদন্তের মাধ্যমে বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন।



















