গুলশান সোসাইটি অফিসে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি,গ্রেফতার ৩
- আপডেট: ০৯:০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর গুলশান আবাসিক এলাকার গৃহস্থালি বর্জ্য অপসারণের কাজকে কেন্দ্র করে সোসাইটি অফিসে ঢুকে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন– মো. আনোয়ার (৩০), মো. নাজমুল (২৫) ও মো. জিদান মিয়া (১৯)।
রবিবার (১১ অক্টোবর) রাতে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে কয়েকজন ব্যক্তি গুলশান সোসাইটির কার্যালয়ে অনধিকার প্রবেশ করেন। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। পাশাপাশি প্রতি মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
গুলশান থানা সূত্রে জানা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কার্যাদেশের ভিত্তিতে গুলশান আবাসিক এলাকায় গৃহস্থালি বর্জ্য অপসারণের কাজ করে আসছে গুলশান সোসাইটি। সম্প্রতি ‘মাহাবুব ও রবিন গ্রুপের’ পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি সোসাইটির নিয়োগপ্রাপ্ত কর্মীদের হুমকি দিচ্ছিলেন। এ ছাড়া ‘রুবি এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের লিফলেট বিতরণ করে বর্জ্য অপসারণের টাকা তাদের দিতে হবে বলে দাবি করেন তারা।
এ ঘটনায় গুলশান থানা পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরে গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে খিলক্ষেত থানার আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গুলশান থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।



















