বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক
- আপডেট: ১২:৪৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালিয়েছেন দুই ভারতীয় নাগরিক। তাদের ফেলে যাওয়া দুটি ট্রাভেল ট্রলি থেকে মাদকদ্রব্যটি উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের ভারতীয় পাসপোর্টের দুটি ফটোকপিও জব্দ করা হয়।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিমানবন্দরের নিচতলার আগমনী হলের গ্রিন চ্যানেলে এ ঘটনা ঘটে।
ডিএনসি সূত্রে জানা যায়, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের একটি বিশেষ দল বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয়।
সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে দলটি সেখানে অভিযান পরিচালনা করে।
ডিএনসি জানায়, ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের TG321 ফ্লাইটে আসা দুই ভারতীয় নাগরিক আকাশ দুবে (২৮) ও আকাশ পান্ডে (৩৪) বিমানবন্দরের গ্রিন চ্যানেলে দুটি ট্রাভেল ট্রলি রেখে পালিয়ে যান। ট্রলির সঙ্গে তাদের ভারতীয় পাসপোর্টের দুটি ফটোকপিও ছিল।
পরে বিমানবন্দরের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ও সাক্ষীদের সামনে ট্রলি দুটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে মোট ৪ কেজি ১৮০ গ্রাম কুশ উদ্ধার করা হয়।
ডিএনসির তথ্য অনুযায়ী, পলাতক দুই নাগরিক ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার গোঁদালপাড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের উপপরিদর্শক রোকেয়া আক্তার বাদী হয়ে মামলাটি করেন।



















