হৃদরোগ হাসপাতালে ৪ ছিনতাইকারী ও মাদকসেবী গ্রেফতার
- আপডেট: ০৯:৩৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ১৮০১০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বিশেষ অভিযান চালিয়ে ৪ ছিনতাইকারী ও মাদকসেবীকে হাতেনাতে আটক করেছে দায়িত্বরত আনসার ব্যাটালিয়নের সদস্যরা। পরে তাদের শেরে বাংলা নগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রবিবার (২৩ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে আনসারদের ঢাকা মেট্রোপলিটন এলাকা (ডিএমএ) পশ্চিম জোনের একটি দল হাসপাতালের ভেতর ও বাইরে চোর, ছিনতাইকারী ও মাদকসেবীদের উৎপাত রোধে এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন আনসার পিসি মো. আমিনুল হক। সঙ্গে ছিলেন এপিসি মো. রফিকুল ইসলামসহ আনসার সদস্য হাসান হাওলাদার, কাইয়ুম, সাজ্জাদ, সুমন মিয়া, আমিনুল ইসলাম, ছাদিয়ার ও শরিফুল হাসান।
গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদপুর এলাকার আল আমিন (৪৫), মো. মানিক (২৫), মো. সুমন (২৬) এবং মো. সাজ্জাদ (২২)।
হৃদরোগ হাসপাতালে দায়িত্বরত আনসার পিসি মো. আমিনুল হক বলেন, আটককৃতদের প্রথমে আনসার ক্যাম্প হেফাজতে রাখা হয় এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়। পরে শেরে বাংলা নগর থানা পুলিশের একটি দল হাসপাতালে পৌঁছে আসামিদের থানায় নিয়ে যায়। আইনশৃঙ্খলার বজায় রাখতে ও চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের নিরাপত্তায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















