ঢাকায় ৬ বছরের শিশু ধর্ষণ, যুবক গ্রেফতার
- আপডেট: ০১:২৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর শাহ আলী থানা এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে শাহ আলী থানা পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
শাহ আলী থানার বরাত দিয়ে মো. আকতার হোসেন বলেন, গত বুধবার (২৬ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে দিকে শাহ আলী থানাধীন রয়েল সিটি পকেট গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। শিশুটির প্রস্রাবের সময় জ্বালাপোড়া হলে তার মা তাকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে ধর্ষণের শিকার হয়েছে বলে ধারণা করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
পরে শিশুটির মা তাকে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করলে সে জানায়, পাশের বাসার ভাড়াটিয়া সুমন তাকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেছে। এ ঘটনায় শিশুটির মা বৃহস্পতিবার (২৭ আগস্ট) শাহ আলী থানায় এজাহার দায়ের করেন।
এজাহারের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে শাহ আলী থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে তার বাসা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।



















