হাতিরঝিলে সরকারি সম্পদ চুরির চেষ্টা, আনসারের অভিযানে আটক ১
- আপডেট: ০৯:৪৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর হাতিরঝিল মগবাজার-বাহির রোড সংলগ্ন রাজউকের শিশু পার্কে লোহার অ্যাঙ্গেল চুরির চেষ্টাকালে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে আনসার সদস্যরা।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম মো. আলিফ। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাইনুনদা গ্রামের মামুন মিয়ার ছেলে।
এদিন রাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।
তিনি জানান,শিশু পার্ক এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে কর্তব্যরত আনসার সদস্য মো. জাহিদুল ইসলাম আলিফের ওপর নজর রাখছিলেন।
কিছুক্ষণ পর আলিফ পার্কের ভেতরে প্রবেশ করে লোহার অ্যাঙ্গেল খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে টহলরত আনসার সদস্য মো. মিজানুর রহমান, মো. তামিম ও ফকির সাইফুলের সহযোগিতায় তাকে ঘটনাস্থলেই আটক করা হয়।
আটক আলিফকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিরঝিল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আনসার সদস্যরা জানান, সরকারি সম্পদ ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে তারা নিয়মিত দায়িত্ব পালন করছেন।
হাতিরঝিলে লোহার অ্যাঙ্গেল চুরির চেষ্টা নস্যাৎ করে একজনকে হাতেনাতে আটক করার ঘটনায় আনসার সদস্যদের সতর্কতা ও তৎপরতার বিষয়টি আবারও সামনে এসেছে।



















