লুট ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ টাকা:স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট: ০১:৪৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করলে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ সুপার, ডিআইজি, পুলিশ কমিশনার, অতিরিক্ত আইজিপি, আইজিপিসহ বিভিন্ন বিভাগের প্রধানদের নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের সমস্যা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও অপরাধ নিয়ন্ত্রণ নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব ও দক্ষ করে গড়ে তোলার কাজ চলছে।
অস্ত্রের তথ্য দিলে পুরস্কার
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের সহায়তা নিয়ে ইউনিটটি ইতিমধ্যে কাজ শুরু করেছে। কার্যক্রম আরও জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের পুরস্কারের বিষয়ে তিনি বলেন, ভারী অস্ত্র উদ্ধারে তথ্য বা সহযোগিতা করলে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। পিস্তল, রিভলভার ও শটগানসহ এ ধরনের অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
এ ছাড়া সাউন্ড গ্রেনেড, লুট হওয়া টিয়ার গ্যাসের সেলসহ অন্যান্য লুট হওয়া অস্ত্র উদ্ধারে সহযোগিতা করলে ক্ষেত্রবিশেষে ১০ হাজার, ১৫ হাজার ও ২০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।
মাদক, সন্ত্রাস ও চাঁদাবিরুদ্ধেও অভিযান
সালাহউদ্দিন আহমদ বলেন, সারা দেশে অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। পাশাপাশি মাদক, চোরাচালান, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এসব কার্যক্রমে গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য সহায়তা নেওয়া হবে।
চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কর্মকর্তাদের কাজের জন্য সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা অগ্রগতি দেখাতে পারবেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে সেই সময়সীমা এখনো শেষ হয়নি।
তথ্যদাতার পরিচয় গোপন থাকবে
অস্ত্র উদ্ধারে তথ্য দেওয়া ব্যক্তিদের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে। পরিচয় গোপন রাখা না হলে মানুষ কেন তথ্য দিতে যাবে এমন মন্তব্য করেন তিনি।
সম্প্রতি বাতিল হওয়া অস্ত্রের লাইসেন্স প্রসঙ্গে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যেসব অস্ত্র জমা দেওয়া হয়নি, সেগুলো ইতিমধ্যে অবৈধ অস্ত্র হিসেবে গণ্য হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সীমান্ত পার হয়ে কিছু অস্ত্র অন্য দেশে চলে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্য দেশের সীমান্তে গিয়ে বাংলাদেশের পুলিশ অভিযান চালাতে পারবে না। তবে দেশের ভেতরে থাকা অস্ত্রগুলো উদ্ধার করা হবে।
অস্ত্র, মাদক, চোরাচালান, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে চলমান কার্যক্রম আরও জোরদার করতে নতুন কিছু কৌশল নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এসব কৌশল এখনই প্রকাশ করা হবে না। তার আশা, খুব শিগগির এসব ক্ষেত্রে সাফল্য আসবে।



















