কুর্মিটোলা হাসপাতালে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করল আনসার সদস্য
- আপডেট: ০৩:২৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে হারিয়ে যাওয়া পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন দায়িত্বরত এক আনসার সদস্য। শনিবার হাসপাতালের বহির্বিভাগ এলাকায় এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে কুর্মিটোলা হাসপাতালে এসেছিল পাঁচ বছরের শিশু আলমগীর। একপর্যায়ে বহির্বিভাগ এলাকায় সে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে শিশুটিকে একা ও আতঙ্কিত অবস্থায় হাসপাতাল এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন দায়িত্বরত আনসার সদস্য সাইফুল ইসলাম।
তিনি শিশুটিকে নিজের হেফাজতে নেন এবং আগলে রাখেন। একই সঙ্গে শিশুটির অভিভাবকদের খুঁজে বের করার চেষ্টা শুরু করেন।
দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হয়। পরে আলমগীরকে তার অভিভাবকের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।
সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিশুটির মা-বাবা। তারা আনসার সদস্য মো. সাইফুল ইসলাম ও আনসার বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।
হাসপাতালে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের কাজ মূলত নিরাপত্তা নিশ্চিত করা। তবে হারিয়ে যাওয়া শিশুটিকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনায় তাদের দায়িত্বশীলতার আরেকটি দিক সামনে এসেছে। সংকটের সময়ে নিরাপত্তার পাশাপাশি মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা করার এমন ঘটনাকে আনসার সদস্যদের মানবিক দায়িত্ববোধের প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।



















