পঞ্চগড়ে পর্যাপ্ত সার মজুদ, কৃত্রিম সংকট ও গুজব ছড়ানোর সুযোগ নেই: প্রতিমন্ত্রী
- আপডেট: ০৫:২৬:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ১৮০০২
পঞ্চগড় জেলা প্রতিনিধি, মো. আরিফুল ইসলাম ইরান
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশে পর্যাপ্ত পরিমাণ সার মজুদ রয়েছে। সার নিয়ে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি করে গুজব ছড়ানোর সুযোগ নেই। সার সরবরাহ, মজুদ ও বিতরণে সার্বক্ষণিক নজরদারি করা হবে।
শনিবার সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সার সরবরাহ, বিতরণ, মজুদ ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বিগত দিনে একটি দলীয় মতের অনেকেই সার ডিলার ছিলেন। তারা বহাল তবিয়তেই থাকবেন, তাদের বাদ দেওয়া হবে না। তাদের বাদ দেওয়া হবে—এমন প্রচারণা গুজব। বরং শূন্য জায়গায় একজন করে নতুন সার ডিলার নিয়োগ দেওয়া হবে।
তিনি আরও বলেন, এটাই তারেক রহমান সরকারের নীতি—দলমত নির্বিশেষে দেশের স্বার্থে এক হয়ে কাজ করা। সার সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকার নিজ গ্রামের ও নিজ ইউনিয়নের স্থায়ী বাসিন্দারা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সার ডিলার হওয়ার সুযোগ পাবেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, সার নিয়ে কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে জেলা প্রশাসনকে একটি মনিটরিং টিম গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। মনিটরিং টিম সার সরবরাহ, মজুদ ও বিতরণ কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করবে।
মতবিনিময় সভায় পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং চেম্বার অব কমার্সের সভাপতি শরিফ হোসেন।
সভায় জেলার পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং নিবন্ধিত রাসায়নিক সার ডিলাররা উপস্থিত ছিলেন।

























