দুই দিনে বিমানবন্দরে প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ
- আপডেট: ১১:৫৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ১ কোটি টাকা মূল্যের বিদেশি সিগারেট, মোবাইল ফোন, মোবাইলের এলসিডি, মাদারবোর্ড, বিদেশি মদ ও স্বর্ণালংকার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর এসব অভিযান চালানো হয়।
সিআইআইডি জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) তিনটি ঘটনায় এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ঘটনায় এসব পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মোট আনুমানিক মূল্য ৯৭ লাখ ১৩ হাজার ১০০ টাকা।
সিআইআইডির এয়ারপোর্ট এ-শিফটের কর্মকর্তারা ৩১ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের (SV804) একটি ফ্লাইটে অভিযান চালান। ওই ফ্লাইটে আসা দুই যাত্রীর ব্যাগেজ থেকে ৪৮১ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। এর মধ্যে এমডি মনসুর আলমের কাছ থেকে ২৩১ কার্টন এবং মোহাম্মদ নওয়াজ শরিফের কাছ থেকে ২৫০ কার্টন সিগারেট পাওয়া যায়। এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৪ হাজার টাকা।
একই দিনে ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের TG339 ফ্লাইটের যাত্রী টিপু আল ইমরানের ব্যাগেজ তল্লাশি করে ৩৬টি স্মার্টফোন পাওয়া যায়। এর মধ্যে ১৯টি Redmi Turbo 4 Pro এবং ১৭টি Honor 200 মডেলের ফোন। জব্দ করা মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৯৬ হাজার টাকা।
ওই যাত্রীর ব্যাগেজ থেকে আরও ৫৫০টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলের এলসিডি এবং ৯৫০টি মাদারবোর্ড উইথ ডিসপ্লে (বাটন মোবাইল) জব্দ করা হয়। এলসিডিগুলোর আনুমানিক মূল্য ২২ লাখ টাকা এবং মাদারবোর্ডগুলোর মূল্য ১৪ লাখ ২৫ হাজার টাকা।
এ ছাড়া বিমানবন্দরের ব্যাগেজ বেল্টের পাশে একটি পরিত্যক্ত হাতব্যাগ থেকে মালিকবিহীন অবস্থায় ৩ লিটার বিদেশি মদ জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
পরদিন ১ সেপ্টেম্বর বাহরাইন থেকে আসা গালফ এয়ারের GF248 ফ্লাইটের যাত্রী এমডি আল আমিনকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আটক করা হয়। পরে তার ব্যাগেজ তল্লাশি করে ১৮ লিটার Red Label বিদেশি মদ জব্দ করা হয়। এসব মদের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।
অন্যদিকে ৩১ আগস্ট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা BG148 ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ১২ কার্টন বিদেশি সিগারেট, Rowatinex ও Sabril-সহ বিভিন্ন ওষুধ এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৪৮ হাজার ১০০ টাকা।
সিআইআইডি জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান, যাত্রী প্রোফাইলিং এবং গ্রিন চ্যানেলসহ বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারির মাধ্যমে চোরাচালান ও অবৈধ আমদানি প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।



















