নীল পোশাক, মুখে স্কচটেপ—এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহ ফেলল কারা?
- আপডেট: ০৫:৪৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০১২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখ স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪২ বছর।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে বনানী থানা-পুলিশ এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মরদেহটি উদ্ধার করে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির পরনে নীল রঙের শার্ট ও লুঙ্গি ছিল। তার মুখ সাদা রঙের স্কচটেপ দিয়ে বাঁধা ছিল। পোশাক দেখে তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ওসি বলেন, ওই ব্যক্তিকে হত্যার পর দুর্বৃত্তরা রাতে অথবা ভোরের কোনো এক সময় মরদেহটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানায়, পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সিসিটিভি ক্যামেরা রয়েছে। মরদেহটি কখন ও কীভাবে সেখানে নেওয়া হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা জানতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।
ওসি ফরিদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত করা হচ্ছে।




















