রোগী ভাগিয়ে নেওয়ার চেষ্টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দালাল আটক
- আপডেট: ১০:০৬:২১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি রোগীদের ভুল বুঝিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টাকালে দালাল চক্রের এক সক্রিয় সদস্যকে হাতেনাতে আটক করেছে আনসার সদস্যরা।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়।
হাসপাতালের ক্যাম্প ইনচার্জ (পিসি) মো: আমিনুল হক বলেন, হাসপাতালের দ্বিতীয় তলার সিসিইউ-২ (CCU-2) থেকে ভর্তি রোগীদের উন্নত চিকিৎসার মিথ্যা আশ্বাস দিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল দালাল চক্রের সদস্যরা। বিষয়টি আনসার সদস্যদের নজরে এলে ক্যাম্প ইনচার্জ পিসি মো. আমিনুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন,কর্তব্যরত আনসার সদস্যরা অনিক বসু দালাল চক্রের সক্রিয় সদস্য মো. সোহাগ হোসেনকে (২০) হাতেনাতে আটক করেন। এ সময় আনসার সদস্য মো. রুবেল হোসেন ও সাইফুল ইসলাম দায়িত্ব পালন করেন।
আটক সোহাগ হোসেন মো. হীরা আলীর ছেলে। তার স্থায়ী ঠিকানা ঢাকার মোহাম্মদপুর থানার চাঁদের হাট মাঠ এলাকায় এবং বর্তমান ঠিকানা মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায়।
পরে কর্তৃপক্ষের নির্দেশে আটক সোহাগ হোসেনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের দালালদের প্রতারণা থেকে সুরক্ষা দিতে আনসার সদস্যদের এমন তৎপরতাকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। রোগী ভাগিয়ে নেওয়া ও প্রতারণার মতো কর্মকাণ্ড ঠেকাতে হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদারের দাবি জানিয়েছেন রোগী ও স্বজনরা।



















