রাঙামাটিতে হারিয়ে যাওয়া ৪২টি মোবাইল উদ্ধার করল এপিবিএন
- আপডেট: ০৭:১০:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
রাঙামাটিতে ৪২টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং নগদ ৭৭ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রিজার্ভ বাজারস্থ এপিবিএন কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধারকৃত ফোন ও টাকা হস্তান্তর করা হয়। এর মধ্যে ভুলবশত বিকাশ নম্বরে চলে যাওয়া ৪৭ হাজার টাকা এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩০ হাজার টাকা রয়েছে।
১৮ এপিবিএন-এর অধিনায়ক ও পুলিশ সুপার রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে মালিকদের হাতে তাদের এসব জিনিস তুলে দেওয়া হয়।
উপকারভোগীদের মধ্যে নমিতা চাকমা জানান, ছয় মাস আগে তার ফোনটি হারিয়ে যায়, যা দিয়ে তিনি দূরে থাকা সন্তানদের সাথে ভিডিও কলে কথা বলতেন। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেও কোনো ফল না পেয়ে অবশেষে এক আত্মীয়ের পরামর্শে এক মাস আগে এপিবিএনে জিডির কপি জমা দেন। তারা ফোনটি উদ্ধার করে আজ আমাকে ফিরিয়ে দিয়েছেন। আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ।
তিন বছর আগে ফোন হারানো ব্যবসায়ী ইয়াসিন আরাফাতও তার হারিয়ে যাওয়া মোবাইলটি ফেরত পেয়েছেন। তিনি বলেন, ফোন পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু এপিবিএন সেই নিরাশার অবসান ঘটিয়েছে।
এসময় পুলিশ সুপার রেজাউল করিম বলেন, জনগণের জীবন ও সম্পদ রক্ষা করা পুলিশের প্রধান দায়িত্ব। অপরাধী গ্রেফাতারের পাশাপাশি অসহায় মানুষের হারানো সম্পত্তি ফিরিয়ে দেওয়াও পুলিশের মানবিক দায়িত্ব ও প্রকৃত সেবার পরিচয়।
অনুষ্ঠানে ১৮ এপিবিএনের সহ-অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত করিম, অ্যাডজুটেন্ট মশিয়ার রহমান, সহকারী পুলিশ সুপার ইত্তেখায়রুল ইসলামসহ ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা ও সাইবার ক্রাইম সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।



















