ইজিবাইক ছিনতাইয়ে চালককে চেতনানাশক প্রয়োগ, পরে মৃত্যু; গ্রেফতার ১
- আপডেট: ০৬:৩০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ১৮০১৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর পল্লবীতে ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে উচ্চমাত্রার চেতনানাশক প্রয়োগের অভিযোগে মো. ইমরান (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এসআরবি-৪। এ ঘটনায় অচেতন হয়ে পড়া ইজিবাইকচালক মো.নুরুল আমিন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গত মঙ্গলবার রাতে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের আদর্শনগর ডুইপ এলাকায় অভিযান চালিয়ে ইমরানকে গ্রেফতার করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এসআরবি-৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ সেপ্টেম্বর বিকেলে প্রতিদিনের মতো ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন নুরুল আমিন। পরে তাকে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। এক রিকশাচালক তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে তার ভাই চিকিৎসার জন্য তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ অক্টোবর সকালে নুরুল আমিনের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা করেন।
এসআরবি-৪ জানায়, মামলার তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে নুরুল আমিনকে উচ্চমাত্রার চেতনানাশক প্রয়োগ করা হয়। এতে তিনি অচেতন হয়ে পড়লে তাকে পল্লবী থানার ১০ নম্বর সেকশনের ডি ব্লকের পেরিস রোডের পাশে ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যান অভিযুক্ত ব্যক্তি।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলার ছায়া তদন্ত ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে ইমরানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইমরানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৪।



















