কনকদিয়া বাজারে মাদকবিরোধী মানববন্ধন, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান
- আপডেট: ০৯:১৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ১৮০৪৫
আল রাফি (পটুয়াখালী) বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া বাজারে মাদকের বিস্তার রোধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাধারণ মানুষ। বুধবার দুপুরে বাজার ব্রিজসংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে কনকদিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং তরুণ প্রজন্মকে বিপথে পরিচালিত করছে। মাদকের ভয়াবহতা রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ তৈরির ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও উল্লেখ করেন, স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ ৬০ দিনের মধ্যে মাদক নির্মূলের ঘোষণা দিয়েছেন। তবে প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া এ লক্ষ্য অর্জন সম্ভব নয় বলেও তারা মত প্রকাশ করেন। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে মাদকবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা কর্মপরিষদের সদস্য মাওলানা এস ডি আব্দুল্লাহ শিবলী। সভাপতিত্ব করেন কনকদিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কনকদিয়া বাজার জামে মসজিদের সভাপতি নজরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেতা রফিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। এছাড়া বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের কঠোর পদক্ষেপের পাশাপাশি সর্বস্তরের মানুষের সচেতনতা ও অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।





















