জামালপুরে বন্যাদুর্গত ৫৫২ জনকে বিনা মূল্যে চিকিৎসা দিল বিজিবি
- আপডেট: ০৯:৩৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,সোনালী খুব
জামালপুরের বকশীগঞ্জে বন্যাদুর্গত এলাকার ৫৫২ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার সীমান্তবর্তী লাউচাপড়া বিনোদন কেন্দ্রে বিজিবির জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) ব্যবস্থাপনায় এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বিজিবির ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
দিনব্যাপী এই ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ময়মনসিংহ সেক্টরের ভারপ্রাপ্ত সিনিয়র মেডিক্যাল অফিসার মেজর এস. এফ. এইচ. উর্মি, জামালপুর ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ডা. মো. ফজলে রাব্বী, ঢাকার পঙ্গু হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. এস. এম. আলকাস তাহমিদ এবং বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার। ক্যাম্পেইনে আসা বন্যাদুর্গত মানুষদের বিনা মূল্যে বিভিন্ন রোগের সুচিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
মেডিক্যাল ক্যাম্পেইন চলাকালে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফিকুল, সহকারী পরিচালক মো. ইমাম হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ‘সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো দুর্যোগে অসহায় ও দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিজিবি সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। এরই ধারাবাহিকতায় বন্যাদুর্গত মানুষের চিকিৎসায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বিজিবির এমন জনকল্যাণমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।’



















