আনসার বাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- আপডেট: ০৮:৩০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার চালানোর অভিযোগ করেছে। বাহিনীর দাবি, নাটোরের বাগাতিপাড়া ও ময়মনসিংহের গফরগাঁওসহ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাহিনী জানিয়েছে, কিছু বক্তব্য বিকৃত করে এসব প্রচারণা চালানো হচ্ছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে কর্তৃপক্ষ আপসহীন অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করা হয়।
বাহিনীর দাবি, এসব প্রচারণা সত্ত্বেও সদস্যদের দায়িত্ব পালনে কোনো প্রভাব পড়েনি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের সব স্টেডিয়াম ও স্থাপনার দীর্ঘমেয়াদি নিরাপত্তার দায়িত্ব আনসার বাহিনীকে দিয়েছে। এ ছাড়া, সম্প্রতি একটি পডকাস্টে বিসিবির পরিচালক সৈয়দ ইব্রাহিম আহমেদ আনসার সদস্যদের সক্ষমতার প্রশংসা করেছেন বলে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসকদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের ৫০০ উপজেলায় পাঁচ হাজার আনসার সদস্য চিকিৎসক ও হাসপাতালের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন। এ অবস্থায় একটি স্বার্থান্বেষী মহল বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে তাদের দাবি।
নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি ঘটনার বিষয়ে আনসার বাহিনী জানায়, গত ১২ জুলাই হাসপাতালের সংরক্ষিত স্থানে মোটরসাইকেল রাখা নিয়ে ওই ঘটনার সূত্রপাত হয়। দায়িত্বরত আনসার সদস্য বাধা দিলে সংশ্লিষ্ট ব্যক্তি নিজেকে হাসপাতালের কর্মী পরিচয় দিয়ে হুমকি দেন বলে বাহিনীর দাবি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে তিনি ক্ষমা প্রার্থনা করলে বিষয়টির নিষ্পত্তি হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বাহিনী আরও জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় দায়িত্ব পালনে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং এ দায়িত্ব ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















