হালিশহরে পুলিশের বিশেষ অভিযান: ওসি জয়নাল আবেদীনের নেতৃত্বে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী চুক্কুসহ গ্রেফতার ২
- আপডেট: ১২:৫০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
চট্টগ্রাম নগরের হালিশহরে পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মো. শাহাদাৎ হোসেন ওরফে চুক্কুসহ দুইজনকে গ্রেফতার করেছে হালিশহর থানা পুলিশ।
গত ১২ অক্টোবর সন্ধ্যা থেকে পরিচালিত এ অভিযানে হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডলের নেতৃত্বে এবং উপপরিদর্শক (এসআই) মো. নাদিমুল হক নোমানের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হালিশহর থানাধীন তাঁর স্থায়ী ঠিকানার বাসা থেকে মো. শাহাদাৎ হোসেন ওরফে চুক্কুকে গ্রেফতার করা হয়। তিনি হালিশহর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারনামীয় ১৭ নম্বর পলাতক আসামি।
অন্যদিকে, একই মামলার তদন্তে সন্দেহভাজন আসামি মো. শাকিল মিয়া (২২)-কে ১৩ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে হালিশহর থানাধীন রঙ্গীপাড়া মসজিদ গলি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, চুক্কুর বিরুদ্ধে হালিশহর এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, “হালিশহর এলাকায় সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আমরা বদ্ধপরিকর। অপরাধ দমনে এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।”
গ্রেফতারকৃত দুজনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



















