হৃদরোগ হাসপাতালে এসি’র পাইপসহ চোর আটক,পুলিশে সোপর্দ
- আপডেট: ০৮:১৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আনসার সদস্যদের তৎপরতায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তামা বা তামার পাইপ চুরির সময় হাতেনাতে এক চোরকে আটক করা হয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশক্রমে আটককৃতকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রবিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে শেরেবাংলা নগর থানাধীন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।
ক্যাম্প ইনচার্জ (পিসি) মো. আমিনুল হক বলেন, হাসপাতালে দায়িত্ব পালনকালে আনসার সদস্যরা এক যুবকের চলাফেরা সন্দেহজনক দেখে তাকে ধাওয়া করেন এবং এসি-র পাইপসহ হাতেনাতে আটক করেন। আটককৃত ব্যক্তির নাম মোঃ আল-আমিন (৩০)। তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরফ্যাশন গ্রামের মিলন বেপারী ও দেলোয়ারা বেগম দম্পতির ছেলে। বর্তমানে তিনি রাজধানীর কল্যাণপুর ২ নম্বর বস্তি এলাকায় বসবাস করছিলেন।
তিনি বলেন, আটকের পর হাসপাতাল ক্যাম্পের আনসার সদস্যরা তাকে উদ্ধার করে ক্যাম্প হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি চুরির কথা স্বীকার করেন এবং তিনি নিয়মিত মাদকাসক্ত বলে জানান। ঘটনার পর পরই বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশে আটককৃত আল-আমিনকে উদ্ধারকৃত আলামতসহ শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



















