মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর!
- আপডেট: ১০:৪৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর গেন্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১৮ অক্টোবর) বিকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানেই তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছে সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্র। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে নামেন ইশরাক হোসেন। তার সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র ছিল। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এমন পরিস্থিতিতে রবিবার এক বিবৃতি দিয়ে ইশরাক হোসেন দাবি করেন, মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে নিরাপত্তাঝুঁকির কারণে আত্মরক্ষার্থে ব্যক্তিগত লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন করেন।
প্রতিমন্ত্রীর দাবি, ঘটনাস্থলে ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি তাদের গাড়িবহরের দিকে মারমুখী ভঙ্গিতে এগিয়ে এলে তিনি ও তার নিরাপত্তারক্ষীরা অল্প সময়ের জন্য আত্মরক্ষার্থে অস্ত্র উঁচিয়ে ধরেন। পরিস্থিতি স্বাভাবিক হলে অস্ত্র যথাস্থানে রাখা হয়।
বিবৃতিতে তিনি আরও দাবি করেন, পুলিশের উপস্থিতিতে অভিযানে চার থেকে পাঁচটি মাদকের আস্তানা উচ্ছেদ করা হয়েছে এবং ছয়জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
কয়েকটি গণমাধ্যম অভিযানের খণ্ডিত দৃশ্য প্রচার করে বিভ্রান্তি ছড়িয়েছে বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী। তবে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে প্রতিমন্ত্রীর এমন কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ইশরাক হোসেনের অস্ত্র নিয়ে মাদকবিরোধী অভিযানের ঘটনাটি তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় অস্ত্র প্রদর্শনের ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনের ব্যত্যয় পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



















