হত্যাসহ সাত মামলার আসামি কিশোর গ্যাং নেতা কেন্তা ফিরোজ গ্রেফতার
- আপডেট: ১২:২২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের নেতা হিসেবে পরিচিত ফিরোজ ওরফে কেন্তা ফিরোজকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মারামারি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোহাম্মদপুর থানার ফিউচার মডেল টাউনের ৫ নম্বর সড়কে আলমের গ্যারেজের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম এ তথ্য জানিয়েছেন।
থানা পুলিশ বলছে, কেন্তা ফিরোজের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দুটি হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে সাতটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা, দলবদ্ধভাবে হামলা, মারামারি, চুরি, চাঁদাবাজি ও মাদকদ্রব্যসংক্রান্ত অভিযোগ রয়েছে। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্রও দেওয়া হয়েছে।
ওসি জানান, গ্রেফতার ফিরোজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



















