কক্সবাজার ও চট্টগ্রামে ৩১ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৬
- আপডেট: ০৬:৫৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কক্সবাজার ও চট্টগ্রামে পৃথক অভিযানে ৩১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসব ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম এসব তথ্য জানান।
অধিদপ্তর সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝাউতলা হলিডে মোড় এলাকায় এসএ পরিবহনের পার্সেল ও কুরিয়ার সার্ভিস কাউন্টারের সামনে অভিযান চালানো হয়। এ সময় সজীব পাল (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
অভিযানে তার কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার ওজন ১ কেজি ৩৩০ গ্রাম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয় জানায়, সজীব পালের হাতে থাকা একটি সাদা সিনথেটিক বস্তার ভেতরে স্যানিটারি ন্যাপকিনের ৪০টি প্যাকেট ছিল। সেগুলোর মাঝখানে পত্রিকার কাগজে মোড়ানো একটি প্যাকেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। প্যাকেটটির ভেতরে সাতটি বান্ডেলে ইয়াবা রাখা ছিল।
এ ঘটনায় সজীব পালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার সদর থানায় মামলা করেছেন অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান।
অন্যদিকে, আজ শুক্রবার চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোতোয়ালি ও বন্দর সার্কেল পৃথক অভিযান চালায়। এসব অভিযানে তিনটি নিয়মিত মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে। তাঁদের কাছ থেকে ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
দুই জেলার এসব অভিযানে মোট ৩১ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং ছয়জনকে গ্রেফতারের তথ্য জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


















