নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি, মুখোশ-ফেস্টুনসহ গ্রেফতার ২
- আপডেট: ১২:৪৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর তুরাগে মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন- মো. ইয়াসিন (২০) ও মো. রিফাত (২০)।
তুরাগ থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজ শেষে দুপুরে তুরাগ থানাধীন ধউর ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনের নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ২০ থেকে ২৫ জন সদস্য মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় তুরাগ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।
তিনি বলেন, পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে মো. ইয়াসিন ও মো. রিফাতকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় মো. ইয়াসিনের হেফাজত থেকে একটি মুখোশ এবং মো. রিফাতের হেফাজত থেকে একটি ফেস্টুন উদ্ধার করে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান এই কর্মকর্তা।



















