ভুয়া সংগঠনের সাইনবোর্ডে দুর্নীতির সাম্রাজ্য: বদলি-বানিজ্যে বেপরোয়া সার্ভেয়ার মিরাজ
- আপডেট: ০৬:২৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / ১৮০২৪
মোঃ মনিরুজ্জামান মনিরঃ
দেশের ভূমি প্রশাসনের মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ পদ সার্ভেয়ারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম, দুর্নীতি এবং বদলি-বাণিজ্যের অভিযোগ উঠে আসছে। সম্প্রতি সংশ্লিষ্ট মহল ও ভুক্তভোগীদের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন অভিযোগে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সার্ভেয়ার মিরাজ। নিজেকে ‘বাংলাদেশ ম্যানেজমেন্ট সার্ভেয়ারস অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেওয়া এই কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বদলি-বাণিজ্য, ঘুষ আদায় এবং প্রশাসনিক ভয়ভীতি প্রদর্শনের মতো গুরুতর সব অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারীদের দাবি অনুযায়ী, অতীতের রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে তিনি যেমন দীর্ঘদিন সুবিধাজনক অবস্থানে ছিলেন, তেমনি পরিবর্তিত পরিস্থিতিতেও নিজের অবস্থান ধরে রেখে একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা করে আসছেন।
সংশ্লিষ্ট সূত্র ও অভিযোগকারীদের বিবরণ থেকে জানা যায়, সার্ভেয়ার মিরাজ বিগত সরকারের আমলে প্রশাসনের শীর্ষ পর্যায়ের কয়েকজন প্রভাবশালী কর্মকর্তার নাম ব্যবহার করে ব্যাপক প্রভাব বিস্তার করতেন। বিশেষ করে সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া এবং সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাউদ্দিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দিয়ে তিনি দীর্ঘদিন ঢাকার কেরানীগঞ্জের মতো গুরুত্বপূর্ণ এলাকায় কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, সেই সময়ে তিনি প্রশাসনিক প্রভাব খাটিয়ে নিজের এবং অনুগতদের স্বার্থ হাসিল করেছেন এবং বদলি-বাণিজ্য ও ঘুষের অর্থের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক বনে গেছেন। কেরানীগঞ্জে দীর্ঘ সময় দায়িত্বে থাকাকালীন তার বিরুদ্ধে নানা অনিয়মের গুঞ্জন থাকলেও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকার কারণে কেউ তার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলার সাহস পাননি বলে অভিযোগকারীরা দাবি করেন।
পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বদলি হয়ে যোগদান করেন এবং সেখানেও একই ধারায় নিজের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রগুলোর দাবি, নারায়ণগঞ্জ ডিসি অফিসে যোগদানের পর তিনি ভূমি অধিগ্রহণ (এলএ) শাখাকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ চক্র গড়ে তুলেছেন। অভিযোগ অনুযায়ী, স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু এবং নারায়ণগঞ্জের সাবেক পলাতক সংসদ সদস্য শামীম ওসমানের আস্থাভাজন হিসেবে পরিচিত কিছু ব্যক্তির সমন্বয়ে এই সিন্ডিকেটটি পরিচালিত হচ্ছে। ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ প্রদান, ফাইল নিষ্পত্তি এবং জমির শ্রেণি পরিবর্তনসহ নানা দাপ্তরিক কাজে এই চক্রটি সাধারণ মানুষ ও জমির মালিকদের জিম্মি করে মোটা অঙ্কের অর্থ আদায় করছে বলে ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে।
সার্ভেয়ার মিরাজের দাপ্তরিক উপস্থিতি নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট মহলের অভিযোগ, তিনি নারায়ণগঞ্জে কর্মরত থাকলেও নিয়মিত নিজ কর্মস্থলে অফিস করেন না। বরং দিনের বেশিরভাগ সময় তিনি বাংলাদেশ সচিবালয়ে অবস্থান করেন এবং বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে সার্ভেয়ারদের বদলি ও পদায়নের তদবির নিয়ে ব্যস্ত থাকেন। অভিযোগকারীদের মতে, তার এই লাগামহীন বদলি-তদবির ও দৌড়ঝাঁপে খোদ সচিবালয়ের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাও বিব্রত ও বিরক্ত হয়ে পড়েছেন। সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘন করে নিজ কর্মস্থল ছেড়ে নিয়মিত সচিবালয়ে অবস্থান করা এবং বদলি-বাণিজ্যের মধ্যস্থতা করার বিষয়টি প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাছাড়া অনেকেই প্রশ্ন তুলেছেন যে নারায়নগঞ্জের ডিসির অধিনস্ত হয়েও সার্ভেয়ার মিরাজ কিভাবে অনুমতি ব্যাতিরেকে সচিবালয়ে অবাধ যাতায়াত করছেন? তাহলে ডিসি সাহেবের কাজ টাইবা কি?
অভিযোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ‘বাংলাদেশ ম্যানেজমেন্ট সার্ভেয়ারস অ্যাসোসিয়েশন’ নামক ভুয়া সংগঠনটির বৈধতা ও কার্যক্রম। অভিযোগকারীদের তথ্যমতে, সার্ভেয়ার মিরাজ নিজেকে এই সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে জাহির করলেও সরকারিভাবে এই নামে নিবন্ধিত কোনো বৈধ সংগঠন নেই। মূলত একটি অস্তিত্বহীন বা অনিবন্ধিত ভুয়া সংগঠনের ব্যানার ব্যবহার করে তিনি প্রশাসনিক প্রটোকল আদায়ের চেষ্টা করেন এবং দুর্নীতিগ্রস্ত সার্ভেয়ারদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি তাদের ঘুষ ও অনিয়মকে এক প্রকার অঘোষিত বৈধতা দিয়ে নিজের পকেট ভারী করছেন বলে অভিযোগ রয়েছে। সংগঠনের নাম ভাঙিয়ে তিনি মাঠপর্যায়ের অন্যান্য সার্ভেয়ারদের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেন এবং বদলির ভয় দেখিয়ে অর্থ আদায় করেন বলেও জানা গেছে। সম্প্রতি ঢাকা মহানগরীর লালবাগ রাজস্ব সার্কেলে সার্ভেয়ারের আস্থাভাজন সার্ভেয়ার আসাদ ঘুষের টাকা সহ দুদকের হাতে আটক হন এবং স্বীকার করেন ঘুষ বাণিজ্য বৈধতার মূল কারিগর সার্ভেয়ার মিরাজ।
রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রশাসনের বিভিন্ন স্তরে সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও সার্ভেয়ার মিরাজের প্রভাবে কোনো ভাটা পড়েনি বলে দাবি করছেন ভুক্তভোগী সহকর্মীরা। অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি যেমন দাপটের সঙ্গে প্রভাব খাটিয়েছেন, বর্তমান সময়েও ঠিক একইভাবে নিজের অবস্থান সুসংহত রেখেছেন। তার প্রভাব ও দাপট এতটাই প্রবল যে, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী বা সাধারণ সার্ভেয়াররাও তার অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে বা লিখিত অভিযোগ করতে সাহস পাচ্ছেন না। কেউ তার মতের বিরুদ্ধে গেলে বা অনিয়মের প্রতিবাদ করলে তাকে দুর্গম এলাকায় বদলি করে দেওয়া কিংবা বিভাগীয় মামলার ভয় দেখানো হয় বলে অভিযোগ উঠেছে।
বিশ্লেষক ও সুশাসন নিয়ে কাজ করা ব্যক্তিদের মতে, ভূমি প্রশাসনের মতো অত্যন্ত সংবেদনশীল ও জনসম্পৃক্ত একটি খাতে এ ধরনের সিন্ডিকেট ও বদলি-বাণিজ্যের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। ভূমি অধিগ্রহণ ও জরিপ কাজের সঙ্গে সাধারণ মানুষের জীবন-জীবিকা ও সম্পত্তির নিরাপত্তা সরাসরি জড়িত। সেখানে যদি কোনো কর্মকর্তা বা চক্র অনিবন্ধিত সংগঠনের নাম ব্যবহার করে এবং রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাব খাটিয়ে অনিয়ম চালিয়ে যায়, তবে তা পুরো প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রশ্নবিদ্ধ করে। বিশেষ করে যেসব শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তির নাম ব্যবহার করে অতীতে ও বর্তমানে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে, সেগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।
সার্বিক বিষয়ে ভুক্তভোগী ও সংশ্লিষ্ট মহলের দাবি, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এলএ শাখায় গড়ে ওঠা কথিত সিন্ডিকেট ভেঙে দেওয়া, সার্ভেয়ার মিরাজের দাপ্তরিক উপস্থিতি ও সচিবালয়ে অযাচিত যাতায়াত নজরদারিতে আনা এবং তার বিরুদ্ধে উত্থাপিত বদলি-বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগগুলো দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে সুষ্ঠুভাবে তদন্ত করা প্রয়োজন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভূমি প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এ সকল অভিযোগের বিষয়ে অভিযুক্ত সার্ভেয়ার মিরাজের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



















