ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু বড়দিনের বর্ণিল উৎসব
- আপডেট: ০৩:৫৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আসন্ন বড়দিন উপলক্ষে বর্ণিল উৎসবের আমেজে সেজেছে রাজধানীর অভিজাত হোটেল ‘ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর সহযোগিতায় হোটেলটিতে শুরু হয়েছে ক্রিসমাস উদযাপন,যা চলবে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত।
শুক্রবার (২৭ নভেম্বর) ক্রিসমাস ট্রি আলোকিতকরণ, জিঞ্জারব্রেড উড়োজাহাজ উন্মোচন এবং ঐতিহ্যবাহী কেক মিক্সিং অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি, সহযোগী প্রতিষ্ঠান ও কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এবারের আয়োজনে ভূমি থেকে ১৪০ ফুট উচ্চতা থেকে শুরু করে হোটেলের বহির্ভাগ ও অভ্যন্তরীণ পরিসরে নান্দনিক আলোকসজ্জা করা হয়েছে। বিমানবন্দরের নিকটবর্তী অবস্থানকে কেন্দ্র করে এবারের বিশেষ আকর্ষণ হিসেবে তৈরি করা হয়েছে রন্ধনশিল্প ও সৃজনশীলতার সমন্বয়ে নির্মিত একটি দৃষ্টিনন্দন ‘জিঞ্জারব্রেড উড়োজাহাজ’।
উদ্বোধনী অনুষ্ঠানে আইএইচজি দক্ষিণ-পশ্চিম এশিয়ার এরিয়া ও ক্লাস্টার জেনারেল ম্যানেজার (ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট) আশওয়ানি নায়ার বলেন, এ বছর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আমরা প্রচলিত উৎসবের সাজসজ্জার গণ্ডি পেরিয়ে ভিন্নধর্মী কিছু উপহার দিতে চেয়েছি। এই উৎসবে বিমানবন্দরের একটু জাদুকরী অভিজ্ঞতা পেতে ভ্রমণকারী হওয়ার প্রয়োজন নেই; আমরা ঢাকার সবাইকে আমাদের এই আয়োজন ঘুরে দেখতে ও আনন্দ উপভোগ করতে আমন্ত্রণ জানাচ্ছি।
উৎসবকে আরও প্রাণবন্ত করতে ক্রিসমাস কার্নিভাল, বিশেষ ব্রাঞ্চ ও ডিনারের আয়োজন থাকছে। এ ছাড়া বেকারি ও কুলিনারি আয়োজনে পাওয়া যাবে ক্রিসমাস গুডি বক্স, বিশেষ কেক এবং তাজা বেকড ডেজার্ট। বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর অতিথিদের জন্য থাকবে বিশেষ মিউজিক্যাল নাইট। পুরো আয়োজনটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।



















