বনানীর সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা
- আপডেট: ০২:৩০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / ১৮০৮২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর বনানীতে একটি সিসা বারে কথা কাটাকাটির জেরে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বনানী থানার ১১ নম্বর রোডের ১০০ নম্বর বাসার ‘৩৬০ ডিগ্রি সিসা বার’-এর সিঁড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাব্বি সিসা বার থেকে নামার সময় মুন্না নামে এক যুবকসহ ছয়-সাতজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো চাকু দিয়ে রাব্বির বাম উরুতে তিনটি ও ডান হাতের কনুইতে একটি আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় রাব্বিকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাব্বি মহাখালী হাজারী বাড়ির বাসিন্দা ছিলেন।
ঘটনার পর বনানী থানা পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। হামলাকারীদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।




















