দিনাজপুরে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ও বিক্ষোভ
- আপডেট: ০৬:৩৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ১৮০০২
দিনাজপুর প্রতিনিধ :
“দালাল নয়,মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এদেশের সর্বোচ্চ প্রশিক্ষিত জনগোষ্ঠী”—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে ঔষধ কোম্পানির প্রতিনিধিরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) দিনাজপুর জেলা শাখার উদ্যোগে রবিবার সকালে দিনাজপুর মেডিকেল কলেজের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল মেডিকেল সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা ওষুধ শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। চিকিৎসকদের কাছে আধুনিক ও বৈজ্ঞানিক ওষুধ সংক্রান্ত তথ্য পৌঁছে দিয়ে তারা সঠিক চিকিৎসা নিশ্চিত করতে সহায়তা করেন।
তারা আরও বলেন, বাংলাদেশের ওষুধ শিল্প দেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পখাত, যা প্রায় ৯৮ শতাংশ দেশীয় চাহিদা পূরণ করে এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই খাতে কর্মরত প্রতিনিধিরা সরকারের রাজস্ব খাতেও উল্লেখযোগ্য অবদান রাখেন।
বক্তারা অভিযোগ করেন, গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করলেও অনেক সময় তাদের “দালাল” হিসেবে অভিহিত করা হয় এবং প্রশাসনিক হয়রানির শিকার হতে হয়।
এ ধরনের হয়রানি বন্ধের দাবি জানিয়ে তারা বলেন, পেশাগত মর্যাদা রক্ষা ও কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে, এমনকি ওষুধ সরবরাহ কার্যক্রম বন্ধ ও কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।





















