কুমিল্লায় ৪ কোটি ৮০ লাখ টাকার ইয়াবাসহ আটক ৫
- আপডেট: ০৯:১৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ১৮০০১
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় কুষ্টিয়ার খাজানগরের মুজাই নামে এক ট্রাকচালকসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি যানবাহনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৮০ লাখ টাকা।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে মাদক চক্রের মূল হোতা বা গডফাদারদের পরিচয় সম্পর্কে তারা কোনো তথ্য দেয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মাদক চক্রের মূল হোতাদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে মাদক পাচার ও কারবার নির্মূলে বিশেষ অভিযান চলমান থাকবে বলেও তারা জানান।
এদিকে খাজানগরের বাসিন্দা মুজাই নামে এক ট্রাকচালক বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, অতীতেও খাজানগর এলাকার কয়েকজন প্রভাবশালী রাইস মিল মালিকের ট্রাক থেকে মাদক উদ্ধারের ঘটনা ঘটেছে। এতে কেবল চালক-হেলপার, নাকি এর পেছনে আরও প্রভাবশালী ব্যক্তি জড়িত—এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
তবে এ বিষয়ে এখনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ ও গভীর তদন্তের মাধ্যমে মাদক চক্রের প্রকৃত হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।




















