আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহর নাম ভাঙিয়ে প্রতারণা,গ্রেফতার ৬
- আপডেট: ০৯:৪৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহর নাম-পরিচয় ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক পেজ খুলে অনলাইনে বিনিয়োগের নামে প্রতারণা চালানো একটি সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলায় পৃথক অভিযান চালিয়ে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের একটি দল তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন–মো. বাবলু ওরফে সূর্য, মো. শাহিন, মো. তুষার মিয়া, মো. আতিকুর রহমান ওরফে নিরব রানা, মো. লিখন ওরফে ইমন ও মো. শাকিল রানা।
বুধবার (১ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
পুলিশ জানায়, বাড্ডা থানায় সাইবার সুরক্ষা আইনে রুজুকৃত একটি মামলা ডিএমপির গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হলে ফাইনান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম মামলাটির তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র অনলাইনে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিনিয়োগে উদ্বুদ্ধ করে আসছে। প্রতারণার উদ্দেশ্যে তারা আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহর নাম, ছবি ও পরিচিতির অপব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক পেজ তৈরি করে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করে আসছিল।
প্রতারকরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে পরিচালিত জনপ্রিয় ওয়েবসাইট ও ফেসবুক পেজের আদলে প্রায় একই ধরনের ডোমেইন ও পেজ তৈরি করে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করত। এসব ভুয়া প্ল্যাটফর্মে প্রকাশিত বিজ্ঞাপনে বিশ্বাস করে অনেকেই সেখানে উল্লেখিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে অর্থ বিনিয়োগ করতেন। পরবর্তীতে প্রতারণার মাধ্যমে সেই অর্থ আত্মসাৎ করা হতো।
ডিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে মঙ্গলবার সকালে গাজীপুর জেলার আশুলিয়ার জিরানী বাজারে কাবাব প্লাজায় অভিযান পরিচালনা করে বাবলু ওরফে সূর্য ও শাহিনকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃদের দেওয়া তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় একই দিন রাত সাড়ে ১১টায়
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পিংনা এলাকায় অভিযান পরিচালনা করে তুষার মিয়া, আতিকুর রহমান ওরফে নিরব রানা এবং লিখন ওরফে ইমনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার রাখালিয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শাকিল রানাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
















