সাইবার নিরাপত্তা ও মানবপাচার রোধে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-সৌদি আরব
- আপডেট: ০৮:০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সাইবার নিরাপত্তা, মানবপাচার প্রতিরোধ এবং নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও সৌদি আরব। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং তথ্য বিনিময়েও সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) পুলিশ সদর দপ্তরে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহর সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ব্যবসায়িক নিরাপত্তা কৌশল, গুজব ও ভুয়া তথ্য যাচাই, মানবপাচার প্রতিরোধ এবং নিরাপত্তা সহায়তাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে সৌদি আরবের সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।
এ সময় আইজিপি দুই দেশের উচ্চপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে নিয়মিত সংলাপ, উত্তম চর্চার আদান-প্রদান এবং তথ্য বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাইবার নিরাপত্তা, মানবপাচার প্রতিরোধ, বাংলাদেশ পুলিশের স্বাস্থ্যসেবার সক্ষমতা বৃদ্ধি, কমিউনিটি পুলিশিং এবং নিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানে সৌদি আরবের সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


















