পাহাড়ধসে বন্ধ সড়ক,হিল ভিডিপির তৎপরতায় দ্রুত সচল যোগাযোগ
- আপডেট: ০৮:১৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ভারী বর্ষণের ফলে পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে একটি সড়কে মাটি ও উপড়ে পড়া গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে গজালিয়া আর্মি ক্যাম্পে কর্মরত ভিডিপি প্লাটুন লিডার হাফিজুর রহমানের নেতৃত্বে হিল ভিডিপি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। প্রবল বৃষ্টির মধ্যেই তারা সড়কে জমে থাকা মাটি সরিয়ে এবং উপড়ে পড়া গাছ কেটে দ্রুত যান চলাচল স্বাভাবিক করেন।
স্থানীয়দের মতে,হিল ভিডিপির এই দ্রুত উদ্যোগের ফলে দুর্ভোগ কমে আসে এবং এলাকার মানুষের চলাচল সহজ হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হিল ভিডিপি সদস্যরা পার্বত্য অঞ্চলে নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমে নিয়মিত অংশ নিয়ে থাকেন। স্থানীয়দের সহায়তায় তাদের এ ধরনের তৎপরতা দুর্যোগকালীন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



















