রাজধানীতে অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যা, ছিনতাইকারী চক্রের তিন সদস্য গ্রেফতার
- আপডেট: ০৪:৩২:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / ১৮০১০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যার ঘটনায় ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—মো. দেলোয়ার হোসেন ওরফে হৃদয়, মো. মানিক সরদার ও মো. লিটন।
বুধবার (৮ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
পুলিশ জানায়, গত ২৮ জুন রাতে খিলগাঁও থেকে রিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন চালক দিদারুল ইসলাম। পরদিন স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ওয়ারী থানাধীন নবাবপুর রোড থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় ২ জুলাই রাতে মারা যান তিনি। এ ঘটনায় প্রথমে ওয়ারী থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়।
মামলা রুজুর পর ওয়ারী থানা পুলিশের একটি টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করে।
পরবর্তীতে বুধবার রাত আনুমানিক ৩টার দিকে গাজীপুরের শ্রীপুর, ঢাকার কেরানীগঞ্জ ও ডিএমপির লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত অটোরিকশা ১টি, ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ১টি ও আসামিদের ব্যবহৃত মোবাইল ফোন ৩টি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা অজ্ঞানপার্টি চক্রের সক্রিয় সদস্য। তারা যাত্রী সেজে চালকদের অজ্ঞান করে ছিনতাই করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



















