মহাখালীতে পরকীয়া প্রেমিকের পুরুষাঙ্গে ছুরিকাঘাত, ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু,প্রেমিকা গ্রেফতার
- আপডেট: ১০:২১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ১৮০০০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালসংলগ্ন টিবি গেট পূর্বপাড়া এলাকায় পরকীয়া-সংক্রান্ত বিরোধের জেরে এক যুবকের পেট ও পুরুষাঙ্গে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নারীকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ।
নিহত যুবকের নাম মো. মামুন (৩৩)। তার বাবার নাম বাবুল মিয়া। আর গ্রেফতার হওয়া নারীর নাম–বিউটি আক্তার (৩০)। তাদের দুজনের বাড়িই ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শনিবার দুপুর সাড়ে ১টার দিকে মহাখালীর টিবি গেট পূর্বপাড়ার একটি বাসার তৃতীয় তলায় পরকীয়া-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিউটি আক্তার তার কথিত প্রেমিক মামুনকে ধারালো অস্ত্র দিয়ে পেট ও যৌনাঙ্গে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন মামুনকে প্রথমে গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে বনানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিউটি আক্তারকে গ্রেফতার করে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



















