কক্সবাজারে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ৫৫ হাজার পিস ইয়াবা উদ্ধার
- আপডেট: ০৭:০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কক্সবাজারে কোস্ট গার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টার দিকে কক্সবাজার সদর থানার জুমছড়ি সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি তালাবদ্ধ ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৫ হাজার পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















